দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৮ এএম
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৮ এএম
গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন,গঙ্গা চুক্তির মেয়াদ এ বছর শেষ হবে। ভারতের কাছ থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করে নেওয়া হবে। বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদী শক্তির অধীন থাকতে চায় না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় কোনো আপস করা হবে না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারের ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, চাকরিতে নিয়োগ-বাণিজ্য এবং সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সভাটির আয়োজন করে এনসিপির মাদারীপুর জেলা শাখা।
সভায় নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষের স্বার্থ রক্ষা এবং জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শুধু জাতীয়তাবাদের কথা বললেই হবে না; দেশের মানুষের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় বাস্তব পদক্ষেপের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তাঁর মতে, দেশের ভেতরে ও বাইরে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে।
জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন,গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি মাঠে রয়েছে। জনগণের মতামত ও প্রত্যাশাকে উপেক্ষা করে কোনোভাবেই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত নয়।
তিনি আরও বলেন, জনগণের রায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি বা প্রতিশ্রুতি ভঙ্গ গ্রহণযোগ্য হবে না।
এ সময় ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথাও উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, হত্যাকাণ্ডের বিচার ও অপরাধীদের জবাবদিহির আওতায় আনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, কোনোভাবেই নির্বাচনে কারচুপি করতে দেওয়া হবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নিজেদের জাতীয়তাবাদী সরকার হিসেবে দাবি করছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয়তাবাদের পরিচয় শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বাংলাদেশের মানুষের স্বার্থ কতটুকু রক্ষা করা হচ্ছে, তা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, দেশের স্বার্থ রক্ষায় সরকারের অবস্থান স্পষ্ট হতে হবে। কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। অন্যথায় সরকারের সঙ্গে অন্য পক্ষের ‘আন্ডার টেবিল সমঝোতা’ রয়েছে বলে ধরে নেওয়া হবে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কোনো ধরনের আপস করার সুযোগ নেই। জনগণের অধিকার ও স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে এনসিপি তার রাজনৈতিক অবস্থান অব্যাহত রাখবে।
এনসিপির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সভায় দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জেলার শাখার সদস্যসচিব ইয়াজ্জেন হোসেন রোমান এবং সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জাতীয় স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
এস/এম
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team